সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ২ জন রয়েছেন। অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকার এমদাদুল হক ইদু (৩৮) ও হলদাবাড়ি এলাকার তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬)।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁ উপজেলার বানিনাথপুর এলাকার আমান (২৮) ও সাতভাইয়াপাড়া এলাকার জোয়েল (৩৯)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি কুমিল্লা, চাঁদপুর, শেরপুর, কিশোরগঞ্জ, বরিশাল ও নরসিংদী জেলার বাসিন্দারাও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।