Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাভূত করবো: ওবায়দুল কাদের

    স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাভূত করবো: ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাভূত করবো। যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক সন্ত্রাসী শক্তি ও সব অপশক্তিকে আমরা পরাজিত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এ শক্তিকে প্রতিহত করতে হবে।
    বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর এখনো অনেক অর্জন করার বাকি আছে। সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো, বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে।
    বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রীসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ।
  • বাজারে আগুনে পুড়ে ছাই ৬ চাল ও কাঁচামালের আড়ত

    বাজারে আগুনে পুড়ে ছাই ৬ চাল ও কাঁচামালের আড়ত

    টঙ্গী বাজার আড়ৎপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
    বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একটি চালের আড়ত, চারটি আলু পেঁয়াজের আড়ত পুড়ে যায়।
    রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
    মেসার্স সবুজ এন্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
    ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সংবাদ পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।