নিউজ সোনারগাঁ: বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বন্দর থানাধীন লক্ষণখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মদনপুর–মদনগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি জানান, প্রতিদিনের মতো তিনি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে বের হন। দুপুরে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।
তিনি বলেন, মোটরসাইকেল থেকে দুইজন নেমে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ২ লাখ ৯২ হাজার টাকা ছিল। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার দিকে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
এ বিষয়ে বন্দর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag: আতঙ্ক
-

বন্দরে বিকাশ এজেন্টের কাছ থেকে পিস্তল ঠেকিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাই, আতঙ্ক