নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী মুক্তার হোসেনের বিরুদ্ধে জমি জালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা জোহরা খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৯ জুন) সকালে জোহরা খাতুন নিজে বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের কাছে অভিযোগটি জমা দেন।
অভিযোগে জোহরা খাতুন উল্লেখ করেন, তিনি দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে সরকারি খাজনা পরিশোধ ও নিয়মিত খারিজ সম্পন্ন করে সংশ্লিষ্ট জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি এসিল্যান্ড অফিসের অফিস সহকারী মুক্তার হোসেন ক্ষমতার অপব্যবহার করে খাজনা ও খারিজ ছাড়াই জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে তার জমি দখলের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, জমি দখলের চেষ্টায় বাধা দিলে মুক্তার হোসেন তার ভাগিনা নাঈমকে দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হামলার হুমকি দিচ্ছেন। এছাড়া জমি রেজিস্ট্রি না দিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন জোহরা খাতুন ও তার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী মুক্তার হোসেন বলেন, “জোহরা খাতুন আমার খালা হন। বিষয়টি পারিবারিক। খুব শিগগিরই আমরা বসে আপস-মীমাংসার চেষ্টা করব।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Tag: এসিল্যান্ড অফিসের সহকারী মুক্তারের বিরুদ্ধে অসহায় বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ
-

এসিল্যান্ড অফিসের সহকারী মুক্তারের বিরুদ্ধে অসহায় বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ