Tag: চাঁদার অভিযোগে মামলা

  • সোনারগাঁয়ে ইমাম ও স্ত্রীকে মারধর, চাঁদার অভিযোগে মামলা

    সোনারগাঁয়ে ইমাম ও স্ত্রীকে মারধর, চাঁদার অভিযোগে মামলা

    নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে এক মসজিদের ইমাম ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম খোরশেদ আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী (হরিসপুর) গ্রামে। আহত ইমাম খোরশেদ আলম বর্তমানে মেঘনা উপজেলার বড় কান্দা পশ্চিম পাড়া চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমামের বড় ভাই শাহ আলমের পরিবার দীর্ঘদিন ধরে তাদের ওপর নানা নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি বাড়ির পাশ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহ আলমের ছেলে রিফাত ইমামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় বুধবার দুপুরে শাহ আলম, তার ছেলে রিফাত, স্ত্রী পারভীন আক্তারসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ইমামের বাড়িতে হামলা চালায়। এতে ইমাম খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তারকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে নানা উপায়ে জুলুম করে আসছে। প্রায় সময় আমার স্ত্রী-সন্তানদের মারধর করে ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এবার চাঁদার টাকা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।”

    অভিযুক্ত রিফাত অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদার কোনো বিষয় নয়, জমি সংক্রান্ত বিরোধের জেরেই ধস্তাধস্তি হয়েছে।”

    এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান জানান, “ইমাম ও তার স্ত্রীর ওপর হামলা এবং চাঁদা দাবির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”