নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে একটি মাদক বিরোধী সমাবেশ সোনারগাঁ থানার ওসি বলেছেন মহাসড়কে ডাকাতদের বিরুদ্ধে ঘোষনা করে আমরা সাকসেস বলার পরেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক প্রবাসী, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।
এ সময় ডাকাতরা মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
