নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের বন্দরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. দিপু (৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব ইতোমধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে দিপু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও মারধরের ঘটনাও ঘটত।
এছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায় করত তার বাহিনী। স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায় এবং পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আধিপত্য বজায় রাখতে দিপু আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করত বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, তার বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদকের একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের কেনাবেচা চলত।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল পূর্ব চাঁনপুর গ্রামে দিপুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag: নারায়ণগঞ্জ বন্দরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
-

নারায়ণগঞ্জ বন্দরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার