নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলী। তবে বহিষ্কারের পরও আগের দলীয় পদবি ব্যবহার করে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত ৬ সেপ্টেম্বর জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল-আমিন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্কুর আলীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদানের অভিযোগের কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্কুর আলীকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল নেবে না বলে জানানো হয়। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানেয়ারের সিদ্ধান্তক্রমে শুক্কুর আলীর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, দল থেকে বহিষ্কারের পরও শুক্কুর আলী নিজেকে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর ওই পদবি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ। তবে এ বিষয়ে দলীয়ভাবে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
বহিষ্কারের পরও দলীয় পদবি ব্যবহারের অভিযোগের বিষয়ে মো. শুক্কুর আলী এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Tag: বহিষ্কারের পরও পদবি ব্যবহার করে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় শুক্কুর আলী
-

বহিষ্কারের পরও পদবি ব্যবহার করে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় শুক্কুর আলী