নিউজ সোনারগাঁ : অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে গরমের তীব্রতায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠায় বিকল্প হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন সবাই।
উপজেলার বিভিন্ন ইলেকট্রিক দোকান ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহে চার্জার ফ্যানের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। অনেক দোকানে জনপ্রিয় মডেলের ফ্যান ইতোমধ্যেই স্টক আউট হয়ে গেছে।
কাঁচপুর, মোগরাপাড়া ও বৈদ্যেরবাজার এলাকার একাধিক দোকানি জানান, আগে যেখানে দিনে ২-৩টি চার্জার ফ্যান বিক্রি হতো, এখন সেখানে প্রতিদিন ১০-১৫টি পর্যন্ত বিক্রি হচ্ছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু ক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠছে। এ অবস্থায় চার্জার ফ্যানই তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ঠিক রাখতে তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত পণ্য আনানোর চেষ্টা করছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং চার্জার ফ্যানের বাজারে চাপ অব্যাহত থাকবে।
Tag: বাড়ছে চার্জার ফ্যান কেনার হিড়িক
-

বাড়ছে চার্জার ফ্যান কেনার হিড়িক, সোনারগাঁয়ে চাহিদা তুঙ্গে