নিউজ সোনারগাঁ : শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে সরকারের নির্দেশনার পরও তা মানছে না সোনারগাঁও পৌর বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এক সভায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেন। নির্দেশনার পর দেশের বিভিন্ন স্থানে এসব অপসারণ করা হলেও সোনারগাঁও পৌরসভার কিছু এলাকায় এখনো তা দৃশ্যমান রয়েছে।
সরেজমিনে পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় মূল সড়কের দিকে মুখ করে একটি ব্যানার ঝুলছে। ব্যানারটিতে সোনারগাঁও পৌর বিএনপির প্রচার সম্পাদকের উদ্যোগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে স্থানীয় কয়েকজন নেতার ছবি সংযুক্ত করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি গাছে মেয়র প্রার্থী মোতালের হোসেনের ছবিসংবলিত আরেকটি পোস্টারও ঝুলতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঈদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়নি। এতে সরকারের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত এসব ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলা উচিত।
তবে এ বিষয়ে সোনারগাঁও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Tag: শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে ব্যানার
-

মন্ত্রীর নির্দেশ মানছে না সোনারগাঁও পৌর বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে ব্যানার