নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক কিশোরের ছুরিকাঘাতে পাঁচজন কিশোর গুরুতর আহত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আমিন (১৫) তার খেলার সঙ্গী নিরব (১৬), সুজন (১৫), কাউসার মিয়া (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬)-কে ধারালো স্টিলের ছুরি দিয়ে আঘাত করে। এতে তারা রক্তাক্ত জখম হয়। আহতরা সবাই কাঁচপুর রায়েরটেক এলাকার স্থানীয় বাসিন্দা।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত আমিনকে আটক করে গণধোলাই দেয় এবং তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ-এর কাছে সোপর্দ করে।
এ ঘটনায় রাত ৩টার দিকে গুরুতর আহত নিরবের খালা শিউলী আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত আমিন কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag: সোনারগাঁওয়ে কিশোরের ছুরিকাঘাতে ৫জন আহত
-

সোনারগাঁয়ে কিশোরের ছুরিকাঘাতে ৫ কিশোর আহত