Tag: সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

  • সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

    সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে আধুনিক ট্রলার ঘাট নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বৈদ্যের বাজারে দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ট্রলার ঘাট নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শতবর্ষী এই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের প্রাণের দাবির প্রেক্ষিতে নেওয়া প্রকল্পটি ইতোমধ্যে আশার আলো দেখাতে শুরু করেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাট নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ ‘মাটি সল্টেজ’ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে এবং পরবর্তী নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
    প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত এবং বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের প্রচেষ্টায় কাজটি এগিয়ে যাচ্ছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত বলেন, বৈদ্যের বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দীর্ঘদিন ধরে এখানে একটি আধুনিক ও টেকসই ট্রলার ঘাটের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। ইতোমধ্যে মাটি সল্টেজের কাজ শেষ হয়েছে, যা ভবিষ্যৎ নির্মাণের জন্য মজবুত ভিত্তি তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, সংসদ সদস্যের পরিকল্পনার অংশ হিসেবে ঘাটটি নির্মাণ করা হচ্ছে। তিনি নিজেও সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
    এদিকে বাজারের ব্যবসায়ীরা জানান, আধুনিক ট্রলার ঘাট ছিল সময়ের দাবি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
    উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহাগ ভূঁইয়া ও মাহফুজ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
    স্থানীয়দের মতে, আধুনিক ও দৃষ্টিনন্দন এই ট্রলার ঘাট নির্মিত হলে নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। এতে বৈদ্যের বাজার স্থানীয় ছাড়াও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
    প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুতই ঘাটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এলাকাবাসী এখন কাঙ্ক্ষিত এই ট্রলার ঘাটের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।