নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মেডি কেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল স্পেশালিষ্ট হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় হাসপাতালটিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ না করায় ওটি রুম সিলগালা করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রয়েল স্পেশালিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, সোনারগাঁয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিরাপদ ও মানসম্মত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আইন ও বিধিমালা না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে হাসপাতাল বা ক্লিনিকের বৈধতা ও অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
