Tag: সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা

  • সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

    সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে তৃষা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
    রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার আরজু মিয়ার ছেলে সোহাগ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে বোনের বাড়িতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এর কিছু সময় পর তৃষার ননদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
    খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, “খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
    এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পারিবারিক কলহের জের ধরে মো. আশিক (৩০) নামের এক যুবলীগ নেতা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এর আগে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশিক নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

    পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

    তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত আশিক সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মো. মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

    এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।