নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবশক্তি (এনসিপি)-এর যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ বলেছেন, সোনারগাঁয়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় এখনো কোনো গুণগত পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড এখনো আগের মতোই অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষ পরিবর্তনের আশা করেছিল। কিন্তু বাস্তবে আমরা দেখছি সবকিছু আগের মতোই চলছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চুনা ফ্যাক্টরির মাধ্যমে সরকারি গ্যাসের হরিলুট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি এবং মানুষ হত্যার মতো ঘটনাও এখনো ঘটছে।”
তিনি আরও বলেন, একসময় মাদকের বিস্তার কিছুটা কমে এলেও বর্তমানে তা আবার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখল এবং ওভারব্রিজ দখলের চিত্রও আগের মতোই রয়েছে বলে অভিযোগ করেন তুহিন মাহমুদ।
উপজেলার প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, “উপজেলায় কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ তার প্রকৃত তথ্য জানতে পারছে না। জনগণের কাছ থেকে অনেক কিছু গোপন রাখা হচ্ছে। এমনকি বিরোধী রাজনৈতিক দল বা ভিন্নমতের মানুষদের কোনো সভা-সমাবেশ কিংবা সরকারি প্রোগ্রামেও ডাকা হয় না।”
তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পুরো উপজেলা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। এতে করে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তুহিন মাহমুদ বলেন, “জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সোনারগাঁয়ের মানুষ এখনো নানা সমস্যা, অনিয়ম ও নিরাপত্তাহীনতার মধ্যেই দিন পার করছে।”
তিনি সোনারগাঁয়ের সার্বিক পরিস্থিতি উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
Tag: সোনারগাঁয়ে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কড়া সমালোচনা তুহিন মাহমুদের
-

সোনারগাঁয়ে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কড়া সমালোচনা তুহিন মাহমুদের