নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সেটি পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়, চাপ বা হয়রানি ছাড়াই তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে মামলার অভিযোগ ও এর প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পক্ষপাতহীন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
Tag: সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-

সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন