নিজস্ব প্রতিবেদক :.নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বরাব এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং চেঙ্গাইন কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি হেনা ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান চালিয়ে তা বিচ্ছিন্ন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Tag: সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
-

সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা