Tag: ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান

  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান

    ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন: নিহত অটোরিকশা চালক মমিনের পরিবারের পাশে এমপি মান্নান

    নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সিএনজি বেবীট্যাক্সি স্ট্যান্ডে মাত্র ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে খুন হওয়া অটোরিকশা চালক মোঃ মমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
    শুক্রবার বিকেলে তিনি নিহত মমিনের নাজিরপুর গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় মমিনের স্ত্রী রিনা আক্তার স্বামীর মৃত্যুর পর পরিবারটির আর্থিক সংকট, অসহায়ত্ব এবং দুই সন্তানের লেখাপড়ার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্বামীর হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    এসময় এমপি মান্নান নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং মমিনের দুই ছেলে রহিম ও হাসানের পড়াশোনা বিদ্যালয়ে বিনামূল্যে চালিয়ে নেওয়ার ব্যবস্থা, সরকারি অনুদানের মাধ্যমে টিন, নগদ অর্থ, চালসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
    পরিদর্শনকালে এমপি মান্নান মোবাইল ফোনে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারকে পলাতক অভিযুক্ত লাইনম্যান শাহিন মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
    এ বিষয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “অটোরিকশা চালক মমিনের হত্যাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মামলার আসামিকে আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”
    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা মামলার আসামি শাহিনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।