Tag: আহত ৩

  • সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

    সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

    সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী দল। এ সময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬) নামে এক কর্মচারী গুরুতর আহত এবং মো. হযরত (৪০) ও ওয়াসিম (৪০) আহত হয়েছেন।
    শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের নিচে ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
    ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী পিকআপযোগে গজারিয়া এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিতে করে আসা ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত পিকআপের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় আমিন গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে জমি দখলে বাধা দেওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

    সোনারগাঁয়ে জমি দখলে বাধা দেওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া এলাকার মীর কবিরের সঙ্গে শাহজামাল গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে সোনারগাঁ ভূমি অফিসে চলমান রয়েছে। সোমবার বিকেলে সোনারগাঁর সহকারী কমিশনার (ভূমি) বিরোধপূর্ণ জমিতে সরেজমিন তদন্তে যান।
    তদন্তকালে শাহজামালের স্ত্রী ও ভাইয়ের বৌ এসিল্যান্ডের সামনে কবির ও তার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি বিব্রতকর হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল ত্যাগ করেন। তার চলে যাওয়ার পর শাহজামালের নেতৃত্বে আবুল বাশার, মাসুদ, সিফাত, রাহাত, সুজন, ইমরানসহ আরও ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কবিরের লোকজনের ওপর হামলা চালায়।
    এসময় রতন, সাগর ও রানাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
    খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • বন্দরের কাইতাখালী পশুর হাটে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

    বন্দরের কাইতাখালী পশুর হাটে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গরু নামানোর দৃশ্য ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী। সোমবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালী পশুর হাটে এই হামলার ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, আজমীর ওসমানের অনুসারী অন্তত ২০০ থেকে ২৫০ জন ক্যাডার হাটে এসে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরো’র প্রতিনিধি আকরাম হোসেন এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ সুমন। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ঘটনার পর জিহাদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার এবং মৃত সোবহান শিকদারের ছেলে মানিকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

    আহত সাংবাদিকরা জানান, নদীপথে ট্রলারে করে গরু এনে জোরপূর্বক হাটে নামানোর খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহ করতে গেলে ইজারাদারপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা দুই সাংবাদিককে বেঁধে মারধর করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। হামলার সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা, দুটি টিভি চ্যানেলের মাইক্রোফোন ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

    এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

    এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।