স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন হত্যা মামলার ১২ বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘ এক যুগেও মামলার বিচারিক প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোয়নি, ফলে তারা এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে দুর্বৃত্তরা পথরোধ করে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দুই দিন পর, ২৯ জুন, নিহতের ছেলে মাসুম বিল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আনোয়ার হোসেন, শহীদুল্লাহ মিয়াসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও তৎকালীন সময়ে তাদের গ্রেপ্তার কিংবা মামলার কার্যকর তদন্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে দাবি পরিবারের।
নিহতের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১২ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাইনি। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “বাবার হত্যার বিচার না হওয়ায় আমাদের পরিবার আজও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।”
এদিকে, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আবারও মামলার অগ্রগতি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বহু প্রতীক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করবে।
Tag: ক্ষুব্ধ পরিবার
-

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা বিল্লাল চেয়ারম্যান হত্যা: ১২ বছরেও মেলেনি বিচার, ক্ষুব্ধ পরিবার