Tag: থানায় অভিযোগ

  • মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, থানায় অভিযোগ

    মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ছাত্র, থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচর এলাকার কিশোর ইমরান হোসেন ওরফে সামির (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. ইমাম হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান হোসেন সামির আমলাপাড়া বড় মাদ্রাসার তাইছির জামাতের ছাত্র। গত ১৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে তিনি মাদ্রাসা থেকে একটি স্কুল ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে তিনি একই শ্রেণির এক সহপাঠীর মোবাইল নম্বরে ফোন করেন। ফোন রিসিভ করার পর নিজের পরিচয় দিলেও এরপর থেকে তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
    পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর তারা মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। তবে কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
    নিখোঁজ ইমরান হোসেন সামিরের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
    এ বিষয়ে তার বাবা মো. ইমাম হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে দ্রুত তার ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

  • সোনারগাঁয়ে পৃথক হামলায় বিএনপির ৩ নেতা আহত, থানায় অভিযোগ 

    সোনারগাঁয়ে পৃথক হামলায় বিএনপির ৩ নেতা আহত, থানায় অভিযোগ 

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে পৃথক হামলার ঘটনায় তিন বিএনপি নেতা আহত হয়েছেন। সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া ব্রিজ এলাকা ও উপজেলা পরিষদের সামনে পৃথক হামলার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে হামলার ঘটনা ঘটে । এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সোনারগাঁও পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগে বলা হয়, আব্দুর রহিমের নির্দেশে ২০ থেকে ২৫ জনের একটি দল বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

    হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

    আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে বলা হয়।

    ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ব্যবসায়িকভাবে ড্রেজার ও বালি ভরাটের কাজ করে আসছেন। তাদের অভিযোগ সম্প্রতি বিএনপির ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করছে।

    মামলায় অভিযুক্তরা হলেন, আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)।

    এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর কিছুই জানি না।

    সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির রফিককে পিটিয়ে আহত করা হয়। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    হুমায়ুন কবির রফিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

    সেজন্য স্থানীয় বিএনপি তার উপর ক্ষিপ্ত  ছিল বলে তিনি জানান। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

  • সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে তার পক্ষ থেকে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান ভুক্তভোগী আল মুজাহিদ মল্লিক এর একান্ত সচিব আব্দুর রহিম। তিনি বলেন, স্বৈরশাসকের দোসররা আল মুজাহিদ মল্লিক এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে তার এবং বিএনপি নেতাকর্মীদের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।

    তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর কোনো ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট বা পেজ নাই।

    এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।