Author: নিউজসোনারগাঁ২৪ডটকম

  • সোনারগাঁয়ে আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে আগামীকাল বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলায় গ্যাস সরবরাহব্যবস্থায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা।

    তিনি জানান, টাই-ইন কাজ সম্পাদনের লক্ষ্যে সোনারগাঁও ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর ৮ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি ইনলেট ভালভ বন্ধ রাখা হবে। ফলে পুরো সোনারগাঁও এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    এ সময় তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের ফাঁসির দাবিতে নয়াগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের ফাঁসির দাবিতে নয়াগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা ও তিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নয়াগাঁওবাসী। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও পরে নয়াগাঁও সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আলাউদ্দিন দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় নয়াগাঁও গ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার নেতৃত্বে ২০২১ সালের ২০ ও ২১ ফেব্রুয়ারি দুইদিনে টানা হামলায় সাইদুল (২৬), সমর আলী (৫২) ও আলী আহাম্মদ (৭০) নামে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া ওই হামলায় অন্তত ৩০টি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয় এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

    স্থানীয়রা জানান, ঘটনার পর থানায় মামলা হলেও এখনো পর্যন্ত আলাউদ্দিনের বিচার নিশ্চিত হয়নি। এমনকি গত ৫ তারিখের পর থেকে তিনি গা-ঢাকা দিলেও সম্প্রতি কয়েকজন বিএনপি নেতার ছত্রছায়ায় তিনি পুনরায় গ্রামে ফিরতে চাইছেন বলে অভিযোগ করেন তারা। গ্রামবাসীর আশঙ্কা, আলাউদ্দিন যদি আবার এলাকায় ফিরে আসে, তাহলে পূর্বের মত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে প্রাণহানির আশঙ্কা তৈরি হবে।

    তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী যেন এলাকায় ফিরে আসতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় আলাউদ্দিনের ফাঁসির দাবি জানান তারা।

  • সোনারগাঁয়ে যুবদলের সমাবেশে রেজাউল কবির পল: “তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে রাজপথে নামতে হবে”

    সোনারগাঁয়ে যুবদলের সমাবেশে রেজাউল কবির পল: “তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে রাজপথে নামতে হবে”

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের আয়োজিত এক প্রস্তুতি সভায় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল কবির পল বলেছেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বুকের রক্ত ঝরিয়ে নতুন স্বাধীনতা এনেছে। এখন সময় এসেছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”

    বুধবার দুপুরে ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সোনারগাঁয়ের পানামা ফুড রেস্টুরেন্টের হলরুমে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

    সভায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ।

    এছাড়াও নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার যুবদলের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

    প্রস্তুতি সভায় আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানানো হয় এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বিএনপির লক্ষ্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সোনারগাঁয়ে পৃথক স্থানে একদিনে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে পৃথক স্থানে একদিনে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    নারায়ণগঞ্জ, বুধবার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও পিরোজপুর ইউনিয়নের পৃথক দুই এলাকা থেকে দুই অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার (২১ মে) সকালে কাঁচপুর ললাটিরচর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়া চর মহাসড়ক থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।” তিনি আরো জানান কাঁচপুর ললাটি স্ট্যান্ড থেকে যে যুবকটির রাশ উদ্ধার করা হয় সে যুবকটিকে কে বা কার হত্যা করে রাস্তায় ফিরে যায়। অপরদিকে পিরোজপুর এলাকা থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

    পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • বন্দর শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন

    বন্দর শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন

    নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। উদ্বোধনের তিন বছরের মাথায় সেতুর সংযোগ সড়কের এই অবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্যাপাড়ের মানুষ।

    মঙ্গলবার (২০ মে) শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সৈয়দপুর অংশের সংযোগ সড়কটির পাশে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানচলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।

    জানা যায়, সেতুটি নির্মাণকালে এখানে বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। এর ফলে বৃষ্টির পানি সরাসরি এই সেতুর সংযোগ সড়ক দিয়েই নামে। ফলে সেতুর সংযোগ সড়কের নিচের মাটি সরে এই গর্ত সৃষ্টি হয়েছে।

     

     

    স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টিপাত হয়। এ সময় বৃষ্টির পানির তোড়ে মাটি আলগা হয়ে এক পর্যায়ে সেতুর সংযোগ সড়কটির একটি পাশের কিছু অংশ ধসে পড়ে। পরে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে জায়গাটি চিহ্নিত করে যায়। তবে এখনও এটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

    তারা আরও জানান, সামনে বর্ষার মৌসুমে বৃষ্টিপাত বাড়লে সেতুর সংযোগ সড়কের এই অংশে আরও ভাঙন দেখা দিতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বলেন, আমরা কিছুদিনের মধ্যেই এটার মেরামতের কাজ শুরু করবো। বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে এই ধসের ঘটনাটি ঘটেছে। বৃষ্টির ফলে ব্রিজের এক পাশ দিয়েই প্রচুর পানি নামতে থাকে। এর ফলে ঘটনাটি ঘটেছে।

    ব্রিজের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি সম্পর্কে তিনি বলেন, ব্রিজের ওপর একটা বাক রয়েছে। এটাকে সুপার এলিভেশন বলা হয়ে থাকে। এর ফলে সাধারণত দুই পাশের পানি একদিক দিয়েই নামে। সেখানে আমাদের সসার ড্রেন রয়েছে। কিন্তু এর নিচে কিছু ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে। পানি নেমে নিচে মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ঢোকে। এর ফলে স্থানীয়রা ড্রেনটির মুখ বালুর বস্তা দিয়ে প্রায়ই বন্ধ করে দেয়। ফলে পানি বের হতে পারে না এবং ব্রিজের এক পাশ দিয়েই পানি প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। ফলেই সংযোগ সড়কটির মাটি সরে ধসে গেছে। আমরা পরিকল্পনা করছি ড্রেনেজ ব্যবস্থাটি সংস্কারের জন্য।

  • বন্দরে মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যৃ

    বন্দরে মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যৃ

    বন্দরে  পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার ২০মে দুপুরে দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নাসিরউদ্দিন ওরফে দাদনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে  পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম সংসারের মেয়ে আনুরি বেগম ও জামাতা চঞ্চল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে জামাই শশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেয়ের জামাই এবং মেয়ের কিল ঘুষিতে দাদন অসুস্থ হয়ে পড়েন। তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর  বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে  মামলার প্রস্তুতি চলছে ।

  • সোনারগাঁয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

    সোনারগাঁয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

     

    সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার পঞ্চবটী এলাকা থেকে তাবাচছুম নামের ৮/৯ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। পরিবার জানায়, গতকাল সোমবার (১৯ মে) বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    নিখোঁজ তাবাচছুমের পিতার নাম শাহ আলম ও মাতার নাম হালিমা। মেয়েটি প্রতিদিনের মতো বিকেলে বাসা থেকে বের হলেও আর ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

    যদি কেউ এই শিশুর সন্ধান পান বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: যোগাযোগ: ০১৯৩৩৫৮৪৬১৫

    নিখোঁজ তাবাচছুমের খোঁজ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সহায়তা কামনা করেছে পরিবারটি।

  • সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ মতিন দেওয়ান (৪০) নামে এক ইট-বালুর ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত মতিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ শিবু আক্তার থানায় দায়েরকৃত অভিযোগে জানান, গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে বরগাঁও চেয়ারম্যানপাড়া বাজারের বাতেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তার স্বামী মতিন। এ সময় একই এলাকার শহিদুল্লাহ (২২), যুবরাজ (২২), মামুন (২৪), হাসান (২২) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

    বাদি অভিযোগে আরো উল্লেখ করেন, আসামিরা পুরনো দেনা-পাওনার জের ধরে ব্যবসায়ী মতিনের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় শহিদুল্লাহ রামদা দিয়ে মাথায় কোপ মেরে মারাত্মক জখম করে, মামুন লোহার রড দিয়ে কাঁধে, যুবরাজ পায়ে এবং হাসান হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলার একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়া মতিনের লুঙ্গির কোচা থেকে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় যুবরাজ নামক এক সন্ত্রাসী। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর আত্মীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয় বলে জানান চিকিৎসকরা।

    এ ঘটনায় আহত মতিনের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বন্দরে মোবাইল কোর্টে ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিতাসের অভিযানে জরিমানা

    বন্দরে মোবাইল কোর্টে ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিতাসের অভিযানে জরিমানা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    পরিমল বিশ্বাস:
    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্টটাউন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    সোমবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির।

    অভিযানকালে অপসারণ করা হয়:

    • ১ ইঞ্চি এমএস পাইপ প্রায় ২,২০০ ফিট
    • ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর

    অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে একটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সংযোগের মূল উৎসে কিলিং করে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ শনাক্ত হবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, কেউ অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করে দেন তারা।

  • ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে’

    শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

    সোমবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    ফারজানা রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবির বিশেষজ্ঞ মাহমুদুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি সেগুফতা মেহনাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

    সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

    সোনারগাঁওয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বক্তারা বলেন “বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

    বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

    এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাজারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলার রুবেল মিয়া,
    দৈনিক খবরের কাগজের মো: ইমরান হোসেন, দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির সরকার সবুজ, দৈনিক মুক্ত খবরের শাহিন সাকি, দৈনিক বাংলাদেশের খবর সজীব হোসেন, দৈনিক নতুন সময় তৌরব হোসেন, দৈনিক প্রথম সূর্যোদয় আরাফাত হোসেন সিফাত, দৈনিক আজকের সংবাদের মোক্তার হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের আমজাদ হোসেন প্রমুখ।

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী হঠাৎ  শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে যায়। পরে শিক্ষাকরা তাদেরকে প্রাথমিক চিকিসা দেয়ার চেষ্টা করে। এ সময় তাদের প্রচন্ড শ^াস কষ্ট শুরু হলে শিক্ষকরা দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুপুরের দিকে দশম শ্রেণিতে একই রকম ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভীড় করতে শুরু করে। এক পর্যায়ে অসুস্থ শিক্ষার্থীদেরকে  স্থানীয় হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। বাকিদের নাম জানা যায়নি।
    শিক্ষার্থীরা জানায়, সোমবার শিক্ষার্থীরা স্কুলে আসার পর ক্লাস চলাকালীন ষষ্ঠ ও সপ্তম  শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতংক ছড়িয়ে পরে।
    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর শ^াস কষ্ট শুরু হয়। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিদ্যালয়ের দশম শ্রেণিতে একই ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। কি কারণে এভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে তার কোন কারণ জানা নেই বলে তিনি জানান।
    দশম শ্রেণির অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাস্তি বিদ্যালয়ে ক্লাস করার সময় হঠাৎ করে শ^াস কষ্টে আক্রান্ত হয়। খবর পেয়ে তাকে বিদ্যালয় থেকে হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক জানিয়েছেন কোন ধরনের ভীতির কারণে শিক্ষার্থীদের এমন অসুস্থতা হতে পারে।
    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সকাল ১১টার দিকে প্রথমে দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুরের দিকে আরো ৬জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের সাবার মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যায়। সবাই প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত ছিল। তাদের অবস্থার অবনতি দেখে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

     

  • সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

    সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে মসজিদের অভ্যন্তরে থাকা আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান  যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। পর পর দুই দফা চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম জানান, তিনি সকালে মক্তবের শিশুদের পড়ানোর পর মসজিদ বন্ধ করে দেন। ঘন্টা খানেক পর এসে তিনি দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা। ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই।
    মসজিদের কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় এক দল চোর দানা দেয়। তখন মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো ওই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে।
    তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বন্দরে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

    বন্দরে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে শনিবার রাত থেকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার বড় একটি অংশ অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    ভোর হতে না হতেই নবীগঞ্জসহ বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এতে করে অফিস, স্কুল ও কলেজগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

    স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কটি দীর্ঘদিন ধরেই খানা-খন্দে ভরা ও বেহাল অবস্থায় রয়েছে। নিয়মিত সংস্কারের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

    বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দুর্ঘটনার পরও দ্রুত উদ্ধার কাজ শুরু হয়নি, যার ফলে এমন ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।”

    ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সময়মতো সংস্কার না হলে ভবিষ্যতেও এমন ভোগান্তি পোহাতে হবে।”

  • বন্দর কেওঢালায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ১

    বন্দর কেওঢালায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই কলেজের আরেক শিক্ষার্থী শিহাব প্রধান।

    শনিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং তুলারাম কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আহত শিহাব প্রধান শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে, তিনিও একই কলেজে পড়াশোনা করতেন।

    জানা গেছে, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় পৌচ্ছালে একটি দ্রুতগামী বাস তাদের পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসানার মৃত্যু হয়। শিহাব গুরুতর আহত হলে প্রথমে তাকে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ঘটনার পর ঘাতক যানবাহনটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

  • কালবৈশাখী ঝড়ে সোনারগাঁয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    কালবৈশাখী ঝড়ে সোনারগাঁয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ শুরু হওয়া ঘন্টাব্যাপী ঝড় ও বৃষ্টিতে এলাকা জুড়ে আতঙ্ক ও ভোগান্তি নেমে আসে।

    স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস ও বৃষ্টিতে বহু দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে। অনেকের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয় এবং মাঠের শাক-সবজি ও ফলের ব্যাপক ক্ষতি হয়। আমগাছের অনেক ফল পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে।

    ঝড়ের সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং কোথাও তার ছিঁড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল বা বিকেল নাগাদ কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে আসলেও এখনো অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

    বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে, মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উঁচু ভবনের ভাড়াটিয়ারা, কারণ বিদ্যুৎ না থাকায় পানির ট্যাংকে পানি রিজার্ভ করা সম্ভব হয়নি। ফলে রান্না ও টয়লেটসহ প্রয়োজনীয় কাজে পানি সংকটে পড়তে হয় অনেক পরিবারকে।

    উপজেলার জনবিচ্ছিন্ন এলাকাগুলোতে গড়ে ওঠা পোলট্রি ফার্মগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাট্টি ফার্মের মালিক সজিব জানান, তার একটি বড় ফার্ম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং বহু মুরগি মারা গেছে।

    সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সিকিউরিটি অফিসার শফিক জানান, ঝড়ে ফাউন্ডেশনের বিভিন্ন ফলদ গাছসহ সৌন্দর্য বর্ধনের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সবজি চাষি রফিক বলেন, তার এবং আশেপাশের কৃষকদের শাকসবজির ক্ষেত ঝড়ে মাটির সাথে মিশে গেছে। পুঁইশাক, ঢেঁটা, জালি কড়াসহ অনেক মৌসুমি শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

    সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, ঝড়ে অনেক জায়গায় খুঁটি ভেঙে পড়েছে, তার ছিঁড়ে গেছে এবং কিছু জায়গায় ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। এগুলো মেরামত করে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হলেও এখনো কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।