নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘খাদ্যের নিরাপত্তা শীর্ষক স্কুল সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিনারে জেলা খাদ্য কর্মকর্তা জনাব সুরাইয়া সাদিয়াতুন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং খাদ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয়।
সেমিনার শেষে ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে খাতা, একটি করে বলপেন, পাস্তুরিত তরল দুধের প্যাকেট ও নাস্তা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে এ আয়োজন ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। শিক্ষার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
সেমিনার আয়োজন ও শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও খাবার বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।
সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার

Leave a Reply