Category: ‌শিক্ষা

  • ভট্টপুর মডেল সপ্রাবির সভাপতি হলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম

    ভট্টপুর মডেল সপ্রাবির সভাপতি হলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
    এর আগে তিনি বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।
    বর্তমানে মো. রাশেদুল ইসলাম নোয়াগাঁও হাইস্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। শিক্ষা পরিবারের সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে আগ্রহী।
    ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটিকে শুধু স্থানীয় পর্যায়ে নয়, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
    সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
    নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, মো. রাশেদুল ইসলামের উদ্যোগ ও অভিজ্ঞতায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

  • সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

    সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এটি চলতি সময়ে সোনারগাঁ উপজেলার প্রথম বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
    রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং অফিসার ও এডহক কমিটির সভাপতি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার।
    সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদিকুর রহমান।
    এছাড়া পুরুষ বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. অমিত হাসান, মহিলা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রোকেয়া সুলতানা, মহিলা অভিভাবক সদস্য হিসেবে মাহবুবা আক্তার ও নুসরাত জাহান, জমিদাতা সদস্য হিসেবে মো. মহিউদ্দিন আব্দুল কাদের এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. হুসাইন, সিনিয়র শিক্ষক, বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চ বিদ্যালয়কে মনোনীত করা হয়েছে।
    কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে কবির আহম্মেদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সদস্য হিসেবে মো. আমির হোসেন মনোনীত হয়েছেন। পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর. বিলকিস।
    নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
    এ সময় আয়োজকরা বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সোনারগাঁয়ের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    সোনারগাঁয়ের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

     পলাশ শিকদার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননাসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বিদ্যালয় প্রাঙ্গণে ইটের রাস্তা নির্মাণ করে দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইনায়া ফাউন্ডেশন

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনায়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান ভূইয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু ছাদেক মো. এসহাক ও আবু সায়েম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন অতিথিরা।

    প্রধান অতিথির বক্তব্যে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের ফল। তাদের এ সাফল্য বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও গর্বের বিষয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

    ইনায়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান ভূইয়া বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের চলাচলের সুবিধার্থে একটি ছোট ইটের রাস্তার কাজও ইনায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ইনায়া ফাউন্ডেশন আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।

    অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

  • সোনারগাঁও সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা

    সোনারগাঁও সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান খন্দকার দিল আফরোজার বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলেন সোনারগাঁও সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষাবিদ খন্দকার দিল আফরোজা। তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে অবদানের প্রতি সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে কলেজের শিক্ষক পরিষদ।

    সোমবার (৩১ আগস্ট) সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যাপনা থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমন করেন।

    সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মোজ্জাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ আলী আক্কাস।

    অনুষ্ঠানে খন্দকার দিল আফরোজার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, প্রাতিষ্ঠানিক অবদান ও কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু সাইদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বদিউজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন, দর্শন বিভাগের প্রভাষক মাহবুবা ফাতিমা জুঁই, মার্কেটিং বিভাগের আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের প্রধান আল মামুন সিকদার, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. কামরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান শাহ আলীসহ শিক্ষক এলিজা আক্তার, সোহেল রানা, জুয়েল মিয়া, নিলুফা ইয়াসমিন, এনামুল গনি, হোসনে আরা পান্না এবং অন্যান্য সহকর্মীরা।

    বক্তারা বলেন, খন্দকার দিল আফরোজা দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। একই সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

    সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম বিদায়ী শিক্ষক খন্দকার দিল আফরোজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

    অনুষ্ঠানের শেষপর্বে সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে খন্দকার দিল আফরোজার হাতে সম্মাননা স্মারক ও বিদায় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

    পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

    মোঃ পলাশ শিকদার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয়ের অমল পোদ্দার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

    অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

    সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

    বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভূইয়া লিটন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য তাদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সোনারগাঁয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা, ১১ শিক্ষক নিয়োগ

    সোনারগাঁয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা, ১১ শিক্ষক নিয়োগ

    পরিমল বিশ্বাস, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় আধুনিক শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘খোকা আইডিয়াল একাডেমি’। নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও স্টাফ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
    তালতলা এলাকায় এসএম খোকা সেন্টারের নিচতলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী এসএম খোকা।
    শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত সাক্ষাৎকার গ্রহণ করেন সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দিন। সাক্ষাৎকার শেষে মোট ১১ জন শিক্ষক ও স্টাফ নিয়োগ দেওয়া হয়।
    প্রফেসর গিয়াসউদ্দিন বলেন, “খোকা আইডিয়াল একাডেমির স্বপ্নযাত্রা আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। শুরুতেই ১১ জন শিক্ষক ও স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষ শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্য রয়েছে।”
    তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে। পর্যায়ক্রমে শ্রেণি ও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।”
    প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শিগগিরই শুরু হবে।

  • শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের

    শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের

    মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

    এমপি মান্নান বলেন, “মায়েরা হচ্ছেন শিক্ষার্থীদের মেরুদণ্ড। তাই মা ও অভিভাবকদের অনুরোধ করবো, আপনার সন্তানকে সন্ধ্যায় বাইরে না রেখে নিজে বসে থেকে পড়তে বসাবেন। তারাই একদিন এদেশের নেতৃত্ব দেবে। এখন থেকেই তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারাই নতুন বাংলাদেশ উপহার দেবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।

    এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, কাউসার আহমেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও সংবর্ধনা দেওয়া হয়।

  • কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ​বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান।

    ​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মতিন সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, বিদ্যালয় উন্নয়ন কমিটির আহবায়ক আপেল হক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আঃ মজিদ খাঁন ও নুরুল হক, উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন, কাঁচপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

    ​শিক্ষার্থীদের উদ্দেশে উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন বলেন, এসএসসি পরীক্ষার এই সাফল্য জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এটি ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। আগামী দিনে দেশ, জাতি ও সমাজের হাল ধরতে হলে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও উন্নত সোনারগাঁ নির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    ​বক্তারা আরও বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। মেধা ও নৈতিকতার সমন্বয়ে তরুণদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা যাতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন অতিথিরা।

    ​সংবর্ধনাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এক শিক্ষার্থী জানায়, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক গাইডলাইন ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব ছিল না। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করে আমরা আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চাই।

    ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দমুখর ও আবেগঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

  • সোনারগাঁয়ে ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ, রড ঢুকে ছাত্র আহত

    সোনারগাঁয়ে ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ, রড ঢুকে ছাত্র আহত

    সোনারগাঁয়ে ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ, রড ঢুকে ছাত্র আহত
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করানোর অভিযোগ উঠেছে। এ সময় অসাবধানতাবশত রড ঢুকে কাউসার হোসেন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
    আহত কাউসার হোসেন উপজেলার কলতাপাড়া এলাকার মোহাম্মদ কবির হোসেনের ছেলে। পরে তাকে মিরেরটেক সেবা হাসপাতালে নেওয়া হলে হাতে ছয়টি সেলাই দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।
    ভুক্তভোগী শিক্ষার্থী কাউসার হোসেনের দাবি, স্কুল ছুটির পর শিক্ষকরা তাদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করান। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা কাজ করার সময় অসাবধানতাবশত তার হাতে রড ঢুকে যায়।
    কাউসারের পরিবারের অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের মতো ঝুঁকিপূর্ণ কাজ করানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের দীর্ঘ সময় এ কাজে ব্যস্ত রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।
    এদিকে বিদ্যালয়ের আশপাশের কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাস্তা মেরামতের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০টি করে ইট অথবা ২০০ টাকা করে দাবি করা হয়েছে।
    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, “আজ আমি একটু আগেই স্কুল থেকে চলে এসেছি। পরে ঘটনাটি শুনেছি। জানতে পেরেছি, কাজ শেষে খেলতে গিয়ে তার হাত কেটে গেছে। এরপর আমি ফোন করে তার খোঁজখবর নিয়েছি।”
    ভুক্তভোগী পরিবারের দাবি, শিক্ষার্থীদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করানোর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে পরিবারটি।

  • অনিয়ম-অব্যবস্থাপনায় বিপর্যস্ত তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল

    অনিয়ম-অব্যবস্থাপনায় বিপর্যস্ত তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৩৯ বছরের ঐতিহ্যবাহী তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির মাত্র ৩১ জন শিক্ষার্থী পাস করেছে। ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার মানের এমন অবনতির জন্য বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদের দুর্বলতা, শিক্ষক-সমন্বয়ের অভাব ও প্রশাসনিক তদারকির ঘাটতিকে দায়ী করছেন স্থানীয় অভিভাবকরা।
    স্থানীয়দের অভিযোগ, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন বিদ্যালয়টি এলাকায় সুনাম ধরে রাখলেও পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা এবং শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ক্রমেই দুর্বল হয়ে পড়ে। ফলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।
    অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনায় প্রকৃত শিক্ষিত ও সচেতন অভিভাবকদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন তারা। ফলাফল বিপর্যয়ের ঘটনায় অনেকে প্রধান শিক্ষক নূরুল আহাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
    বিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, অতীতে পরিচালনা পর্ষদে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ও সক্রিয় অভিভাবকদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যা তৈরি হয়। এছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
    নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের সাবেক এক অভিভাবক সদস্য বলেন, প্রধান শিক্ষক নূরুল আহাদ যোগদানের পর বিভিন্ন সময়ে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তার দাবি, শিক্ষকদের একটি অংশ নানা কারণে অনেকটা কোনঠাসা থাকায় প্রতিষ্ঠানের ভেতরের সমস্যাগুলো নিয়ে কার্যকরভাবে কথা বলতে পারেননি।
    তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আহাদ বলেন, “সাবেক পরিচালনা পর্ষদ যেভাবে মতামত দিয়েছে, সে অনুযায়ী আমাদের চলতে হয়েছে। শিক্ষকদের পাঠদানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। অন্যান্য বছরের তুলনায় ২০২৬ সালের পরীক্ষার্থীরা প্রস্তুতির দিক থেকে কিছুটা দুর্বল ছিল। এ কারণে ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষকদের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে বলে আমি মনে করি না। ভবিষ্যতে শিক্ষার মান আরও ভালো হবে।”
    সম্প্রতি অনুমোদিত বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি রকিবুল হাসান বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে প্রতিষ্ঠানটির সুনাম ছিল। কিন্তু দীর্ঘদিন যথাযথ নজরদারি না থাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তার দাবি, আগের পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা ছিল না। তিনি বলেন, “আমি এখন দায়িত্ব পেয়েছি। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
    সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান বলেন, “তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সন্তোষজনক নয়। সম্প্রতি নতুন একটি পরিচালনা কমিটি অনুমোদিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফলের জন্য শিক্ষকদের কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    অভিভাবকদের প্রত্যাশা, নতুন পরিচালনা কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তাহলেই ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আবারও তার হারানো সুনাম ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সোনারগাঁয়ে এসএসসিতে পাসের হার ৭২.৮৮%, দাখিলে ৭৬.৪৬%; জিপিএ-৫ পেল ১৬৮ শিক্ষার্থী

    সোনারগাঁয়ে এসএসসিতে পাসের হার ৭২.৮৮%, দাখিলে ৭৬.৪৬%; জিপিএ-৫ পেল ১৬৮ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসএসসি পরীক্ষায় পাসের হার ৭২.৮৮ শতাংশ এবং দাখিল পরীক্ষায় ৭৬.৪৬ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে জিপিএ-৫ অর্জন করেছে মোট ১৬৮ জন শিক্ষার্থী।
    প্রকাশিত তথ্যে জানা যায়, সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৭৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন শিক্ষার্থী।
    অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪০৬ জন উত্তীর্ণ হয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৬.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ জন শিক্ষার্থী।
    ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সোনারগাঁ উপজেলায় এসএসসির তুলনায় দাখিল পরীক্ষায় পাসের হার কিছুটা বেশি। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
    সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
    তথ্যসূত্র: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

  • বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

    বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।
    দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা খাতুন। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মহান গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
    এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, শহীদদের রক্তের ঋণে গড়া এই বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যাবে এবং তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
    বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • সাদিপুর স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    সাদিপুর স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত সোমবার (৩ আগস্ট) সকাল ১০ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম বাংলা টিউবস-এর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তাবারক হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য আবু হামজা ছাদসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ‎বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • শিক্ষাসফরে সোনারগাঁও জাদুঘর ও পানাম নগরী ঘুরে দেখল বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

    শিক্ষাসফরে সোনারগাঁও জাদুঘর ও পানাম নগরী ঘুরে দেখল বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব ধারণা দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর ও ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছে বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। “শিক্ষাসফর-২০২৬” কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের নেতৃত্বে শিক্ষার্থীরা সোনারগাঁও জাদুঘর ও পানাম নগরী ঘুরে দেখে। সফরকালে তিনি শিক্ষার্থীদের সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, লোকজ ঐতিহ্য এবং জাদুঘরের প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি জানান, দেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগ ও প্রচেষ্টায় সোনারগাঁও জাদুঘরের যাত্রা শুরু হয়, যা আজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
    এছাড়াও শিক্ষার্থীদের সামনে পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব, প্রাচীন স্থাপত্য, মুসলিম ঐতিহ্য এবং বিশ্বখ্যাত জামদানি শাড়ি তৈরির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীরা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রতিটি বিষয় শুনে এবং ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখে আনন্দ প্রকাশ করে।
    প্রধান শিক্ষক নাদিরা বেগম বলেন, “শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইতিহাস ও ঐতিহ্যকে কাছ থেকে দেখানোর উদ্দেশ্যেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।”
    শিক্ষা সফর শেষে শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজনের দাবি জানায়।

  • বিগত সরকারের আমলে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল..এমপি আজহারুল ইসলাম মান্নান

    বিগত সরকারের আমলে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল..এমপি আজহারুল ইসলাম মান্নান

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ে শিক্ষার মানোন্নয়ন ও ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার: এমপি আজহারুল ইসলাম মান্নান
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, একসময় নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে, যাতে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে পারে।
    মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে যেন রাস্তায় অযথা ঘোরাফেরা করতে দেখা না যায়। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    নতুন প্রজন্মকে নিয়ে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে নিয়ে আগামীর সোনালি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরাও সেই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। এছাড়া খুব শিগগিরই সোনারগাঁ স্টেডিয়ামকে নারায়ণগঞ্জ জেলার অন্যতম সেরা স্টেডিয়ামে রূপান্তর করা হবে।
    এদিকে, একই দিন দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন কালভার্ট ও আরসিসি (RCC) ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
    সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।
    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।