নিউজনসোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, জুয়া আইনে ৩ জন, মাদকসেবী ১৭ জন, ডাকাতির মামলায় ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মাকসুদুল হাসান রিয়াদ (২১) সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার মো. জহিরুল ইসলাম (৪৫) জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে উল্লেখ করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন আলী নুর (৩০) ও মো. আলাউদ্দিন (৪২)। ডাকাতির মামলায় গ্রেপ্তার তিনজন হলেন লিমন (৩০), মো. বাবু (৩৪) ও মো. সুমন (২০)। জুয়া আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সিদ্দিক (৪৫), হযরত আলী (৫৫) ও মো. সামসুল হক (৪২)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সাবিনা (৩৫), আল আমিন (৪৪) ও রেহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।