নিউজ সোনারগাঁ : শিক্ষার্থীদের স্কুল পালানোর প্রবণতা রোধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন দুই দফা হাজিরা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল, মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্কুল পালানোর মনোভাব দূরীকরণের লক্ষ্যে প্রতিটি শিক্ষাদিবসে দুইবার হাজিরা নিতে হবে। প্রথমবার প্রথম ঘণ্টার শুরুতে এবং দ্বিতীয়বার টিফিনের পরের ঘণ্টার শুরুতে শিক্ষার্থীদের উপস্থিতি গ্রহণ করতে হবে।
এ ছাড়া কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শ্রেণিশিক্ষকের মাধ্যমে তার অনুপস্থিতির কারণ নির্ণয় করে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।


