Category: তথ্যপ্রযুক্তি

  • রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি’

    রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি’

    মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড নতুন ইলেকট্রিক ভেহিকলের (ইভি) দুনিয়ায় প্রবেশ করছে। এবার আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি’। এতে দীর্ঘ ১২৩ বছরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল রয়্যাল এনফিল্ড। 

    জানা গেছে, এই ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল ‘এফএফ-সি৬’ বাজারে আসবে ২০২৬ সাল নাগাদ। এটি মূলত ক্লাসিক ফ্লাইং ফ্লি মডেলের আধুনিক সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে।

    ইতালির এক মোটর শোতে প্রথম এই ই-বাইক প্রকাশ্যে আনে এনফিল্ড।

    খুব শিগগিরই ভারতের বাজারে ‘ফ্লাইং ফ্লি’ চালু করবে রয়্যাল এনফিল্ড। মনে করা হচ্ছে এই ই-বাইকের দাম শুরু হতে পারে ২.৫০ লাখ রুপিতে। তামিলনাড়ুর ভালাম ভাদাগালে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ইভি কারখানায় এটি তৈরি করা হবে।

    ব্যাটারি ও পারফর্মেন্স

    ‘ফ্লাইং ফ্লি’ এর স্পেসিফিকেশনের বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনও তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ইলেকট্রিক মোটরসাইকেলে ২৫০-৩০০ সিসি আইসিই বাইকের মতো শক্তি থাকতে পারে। এর সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক এবং ১৯ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এর পেছনের চাকা চেইন ড্রাইভের মাধ্যমে চালিত হয়।

    এছাড়া রেট্রো-রোডস্টার ডিজাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্লাইং ফ্লি মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত এই বাইকের ডিজাইন। বাইকে এলইডি হেডলাইটের সঙ্গে গোল এলইডি ইন্ডিকেটর দেওয়া হতে পারে। সিঙ্গেল পিস সিট এই বাইকে দেওয়া হয়েছে।

  • সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন

    সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু রক্ষায় মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার সকালে পানাম এলাকায় ধংস প্রায় পানাম সেতুর পাশে এ মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও সদস্য সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, মিজানুর রহমান, সদস্য সচিব লেখক রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী, উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ- সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সমাজ সেবক বজলুর রহমান, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও লতা মাহমুদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদকর্মী জহিরুল ইসলাম জহির, ক্রীড়ানুরাগী নাইম ভূইঁয়া, সংগঠক খাদিজা আক্তার, রাসেল আহমেদ, শীতল চন্দ্র, শিক্ষার্থী আদেল রহমান, আলভী আহমেদ ও পরশ প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ ছিল  প্রাচীন বাংলার রাজধানী। দেশ বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে পঙ্খীরাজ খালের উপর নির্মিত মুঘল শাসনামলের পানাম সেতুটির এখন জরাজীর্ন অবস্থা। অযত্ন অবহেলা ও সংরক্ষণের অভাবে এ সেতুটি এখন ধংসের দ্বার প্রান্তে। দ্রুত এ ঐতিহাসিক সেতুটি সংস্কার করে পর্যটকদের পরির্দশনের ব্যবস্থা বরার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আহ্বান জানানো হয়।
    বক্তারা আরো বলেন, বিগত সময়ে প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে পানামনগরীর প্রবেশ মুখের একটি ঐকিহাসিক সেতু ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে যে সেতুটি টিকে আছে এটির পরিনতি যাতে আগেরটির মতো না হয়।

  • পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড

    পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড

    গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
    মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়।
    গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।
    সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সেতুর মাওয়া প্রান্ত হয়ে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন সেতু পাড়ি দেয়। এতে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা আর জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।
    এর আগে পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গতবছর ২০২৩ সালের ২৭ জুন। সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ। সেতু তৃতীয় সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা আদায় হয়েছিল গত বছরের ৮ জুলাই।

  • ৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

    ৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

    চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
    বুধবার (১০ এপ্রিল) নিয়মিত বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
    এদিকে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে।
    সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
    গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কক্সবাজারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে।

  • শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যারিকেড সৃষ্টি

    শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যারিকেড সৃষ্টি

    গত সোমবার রাজধানীর উত্তরায় সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    সকাল সাড়ে দশটায় শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল করে চাষাঢ়ায় এসে জড়ো হয়। নগরীর প্রধান সড়কগুলির মুখে অবস্থান নিয়ে তারা রাস্তায় বসে ব্যারিকেট সৃষ্টি করে নানা দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এসময় তার বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সব ধরণের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এতে ঢাকা-নারায়ণগঞ্জের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মিছিল শ্লোগানে উত্তাল হয়ে পড়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র  চাষাঢ়া।

    স্কুল কলেজের শিক্ষার্থীরা এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। চাষাঢ়ার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষর্থীরা প্রশাসনকে উপেক্ষা করেই তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় পুলিশ তাদের বাধা না দিয়ে নীরব ভূমিকা পালন করে। এ অবস্থায় নারায়ণগঞ্জ শহরে অচলাবস্থার সৃষ্টি হয়।#

  • সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ: তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

    সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ: তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

    গত সোমবার রাজধানীর উত্তরায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক যানবাহন ভাংচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এসময় তারা ঢাকামূখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত বিস্তৃত হয়। ফলে ভোগান্তিতে পড়েরর বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা। পরে হাইওয়ে এবং ট্রাফিক পুলিশ সাইনবোর্ড সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে শ্রমিকদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। তারা এসময় সোবারের ঘটনার জন্য সরকারের কাছে নিরাপত্তা প্রদান ও সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ দাবী করেন। এসময় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এসময় গণপরিবহনের যাত্রীদের কেউ কেউ এর প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকরা কয়েকজনকে বেধড়ক পেটায়। পরে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। যানজট অব্যাহত রয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানানতবে জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মহাসড়ক সচল রাখতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।#