নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে আট দিনব্যাপী লালন কারুমেলা। মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় বিভিন্ন মাধ্যমের ১৫ জন কারুশিল্পী তাঁদের নিজস্ব তৈরি পণ্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুকশিল্প, শতরঞ্জি, মণিপুরি তাঁতশিল্প, কুমিল্লার খাদিশিল্প, একতারাশিল্প ও তাঁতবস্ত্রসহ বিভিন্ন ধরনের লোকজ কারুশিল্প স্থান পেয়েছে।
মেলায় আগত দর্শনার্থীরা কারুশিল্পীদের কাছ থেকে ঐতিহ্যবাহী কারুপণ্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নিজেদের পছন্দের পণ্য কিনে নেওয়ারও সুযোগ রয়েছে। এর ফলে দর্শনার্থীদের মধ্যে দেশীয় লোকজ ঐতিহ্য ও কারুশিল্প সম্পর্কে আগ্রহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ মেলা চলবে।
বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন ও পুনরুজ্জীবনের পাশাপাশি কারুশিল্পীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ।