পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে ‘SAMURAI NIHONGO ACADEMY’ (সামুরাই জাপানি ভাষা একাডেমি)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নয়াপুর আদর্শ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একাডেমিটির উদ্বোধন করা হয়। সামুরাই জাপানি ভাষা একাডেমির প্রতিষ্ঠাতা ফারদিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, আদর্শ সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা জসীমউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ আহম্মেদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য জাপান বর্তমানে বাংলাদেশের তরুণ-তরুণীদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য। জাপানি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণ, বিভিন্ন দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
তাঁরা আরও বলেন, সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি প্রতিষ্ঠার ফলে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের জন্য জাপানি ভাষা শেখার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।
বক্তারা একাডেমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং এর মাধ্যমে এলাকার তরুণ-তরুণীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর মধ্য দিয়ে নয়াপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থী এবং জাপানি ভাষা শিখতে আগ্রহীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, একাডেমিটির মাধ্যমে আগ্রহীরা জাপানি ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে সহায়ক হবে।