সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাকুল এলাকার মো. সিয়াম হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।