সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল কেরু মদসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী হিসেবে ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক মামলায় সুমন মিয়া (১৯) ও সিয়াম হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৬ বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম (৪২), বিল্লাল সরকার (২৭), আবুল কায়েস (২৮), ইশ্রাফিল (৫৫), সজিব (৩৮), মারুফ হোসেন (২২), রহমত উল্লাহ রবিন (৩৮), আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), আমির হোসেন (৪৭), জহির মিয়া (৩৪), আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২)।
মাদক মামলায় গ্রেপ্তার সুমন মিয়া সাদিপুর এলাকার বাসিন্দা এবং সিয়াম হোসেন মোড়গাপুর এলাকার বাসিন্দা। অপরদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ওয়ারেন্টভুক্ত আসামিসহ সংশ্লিষ্টদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।