পরিমল বিশ্বাস, সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬৩ নম্বর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার মেম্বারের উদ্বোধনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি ও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল।
বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক মর্জিয়া আফরোজ সিদ্দিকার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুল হক, হামছাদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জহির আহমেদ, মোবারক হোসেন, আফজাল হোসেন, মেহেদী হাসান হালিম, শহীদ আলম, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। আমি সর্বদাই শিক্ষা নিয়ে কাজ করি। তাই এই বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব, ইনশাআল্লাহ।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে, যাতে তারা কোনোভাবেই বিপথে না যায়। বর্তমানে মোবাইল ফোন শিশুদের বিপথে যাওয়ার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন ছাড়া শিশুদের হাতে মোবাইল দেওয়া উচিত নয়। প্রয়োজনে অভিভাবকের উপস্থিতিতে মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
আল মুজাহিদ মল্লিক আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



