নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্থানীয় যুবলীগ নেতাসহ তিনজন, সাত মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল দিনভর এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ৩: এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন— সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্য মো. হোসেন (৩৩), জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে ও থানা আওয়ামী যুবলীগের সদস্য (জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক) কাজী কাওসার (৪০) এবং নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিক পাড়া গ্রামের মৃত বদু মিয়ার ছেলে ও নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল মেম্বার (৪৫)।
মাদকসেবী হিসেবে গ্রেফতার ৭: অভিযানে মাদকসেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়। তারা হলেন— উপজেলার কান্দারগাঁও গ্রামের মো. আছান উল্লাহর ছেলে মো. আকাশ (২১) ও মো. নাসির মিয়ার ছেলে মো. রিফাত (১৯), ছয়হিস্যা গ্রামের সামছুল হকের ছেলে মো. আরিফ (২৮) ও মৃত মোকশেদের ছেলে আ. খালেক (৩০), ভবনাথপুর গ্রামের মৃত জালালের ছেলে মো. হেলাল (৫০), পূর্ব বেহাকৈর গ্রামের আ. লতিফের ছেলে মো. আলম (৩৭) এবং বড়ই বাড়ী গ্রামের মৃত চামুর উদ্দিনের ছেলে মো. মীর হোসেন (৪৫)।
পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) গ্রেফতার ৪: আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামি হলেন— তিলাব গ্রামের ফিরোজের ছেলে শাহীন (৩১), গোয়ালদী আমিনপুর এলাকার কামরুল হাসান খান রাজুর স্ত্রী রোকেয়া আক্তার তিথি (৩২), দৈলেরবাগ এলাকার মাসুদ রানার স্ত্রী ফারজানা এবং জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মামুন মিয়া।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত ১৪ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবারেই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।