নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকর বিদেশি মাগুর (ক্যাটফিশ) চাষ করার দায়ে মুক্তাদির (২০) নামের এক মাছচাষিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।
অভিযান প্রসঙ্গে সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। চেঙ্গাইন খাসপাড়া এলাকায় এই প্রজাতির মাছ চাষের বিষয়টি নজরে এলে অভিযান চালিয়ে খামারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, স্থানীয় চাষিদের এ ধরনের ক্ষতিকর ও নিষিদ্ধ মাছ চাষ থেকে বিরত থাকতে সতর্ক ও সচেতন করা হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এমন যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।