নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী আঃ লতিফ মোজাফ্ফর উচ্চ বিদ্যালয় ও বুরুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী (ছনটেক) এলাকার মোঃ আব্দুল বাতেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুরুমদী গ্রামে স্থানীয়ভাবে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে মেলা বসে এবং সেখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। রাতে মেলার বিদ্যুৎ লাইনে বিভ্রাট দেখা দিলে আল আমিন ত্রুটি সারাতে যান। মেরামতের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে মাত্র অবহিত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে এর সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।