নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে সমর্থন জানিয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে ভোট চেয়েছেন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে সমবেত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ সমর্থন জানান এবং আতাউরের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যে মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। অতীতে এখান থেকে বারবার সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও এলাকার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। আতাউর জয়লাভ করলে এবার এখানে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে।” তিনি মোগরাপাড়ার পিছিয়ে পড়া জনপদকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
এ সময় সোনারগাঁ থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, যুবদল নেতা রাকিব, কৃষক দল নেতা বাবুল, ছাত্রদল নেতা মোমেন মুন্না ও আরিফ হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।