নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৪ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, হত্যা মামলায় ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৩ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭)। তাঁদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত মো. সুলতান (৫০), হত্যা মামলায় কবির হোসেন (৬০) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সোনিয়া আক্তার (৩৫), জাকির হোসেন (৩৮) ও মো. মোস্তফা (৪৫) গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে গ্রেপ্তার বাকি ১৪ জনকে মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
সূত্র: সোনারগাঁ থানা পুলিশ।