নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, মাদকসেবী ১৮ জন, ডাকাতির মামলায় একজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার রোমান মিয়া (৩২) সোনারগাঁয়ের মোগারচর এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার কামরুজ্জামান ভূইয়া (৬০) জামপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ডাকাতির মামলায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিরফুল গ্রামের সাইফুল মিয়া (২২) এবং আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজনের বাড়ি সোনারগাঁয়ের কোবাগা ও কলতাপাড়া এলাকায়।
পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেপ্তার ১৮ জনকে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকজন বাসিন্দাও রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: সোনারগাঁ থানা পুলিশ।