সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় একজন, মাদকসেবী ২৫ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং চুরি মামলায় একজনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী হিসেবে ২৫ জন, চুরি মামলায় একজন এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি অন্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদক মামলায় মো. আলী আজগর (৩৪), চুরি মামলায় মো. আরিফ (২২) এবং ওয়ারেন্টভুক্ত মো. সাকিব (২১) ও মো. মানিক মিয়া (মহিউদ্দিন)। এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৫ জনকে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।