সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার দুই আসামি, মাদকসেবী ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৬ জনকে আটক করা হয়। এ ছাড়া মাদক মামলায় মো. রায়হান (২২) ও মো. হৃদয় (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
অন্যদিকে, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি মোহসিন মিয়া ও মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি দেশের অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২০ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম