নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমির সীমানাপ্রাচীর ভাঙচুর, ইট-সিমেন্ট চুরি, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনের ভাইসহ নয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় মাকছুদা হোসেন (৪৬) নামে এক নারী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, মাকছুদা হোসেন ২০১১ সালে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পানাম গাবতলী মৌজায় আরএস ৯৫ নম্বর দাগে ১৭ শতাংশ ভিটাজমি ক্রয় করেন। এরপর থেকে তিনি জমিটির নামজারি ও খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, জমি কেনার পর থেকে অভিযুক্তরা তাঁর কাছে মিষ্টি খাওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে জমিতে নির্মাণ করা ইটের সীমানাপ্রাচীর দুই দফায় ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আর এমন ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেওয়ায় পুনরায় সীমানাপ্রাচীর নির্মাণ করেন তিনি।
মাকছুদা হোসেনের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত নয়জনসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর অনুপস্থিতিতে জমিতে প্রবেশ করে ১৭ শতাংশ জমির সীমানাপ্রাচীর ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া জমিতে রাখা ২ হাজার ৫০০টি ইট, যার মূল্য ৩৩ হাজার টাকা, এবং ১৫ বস্তা সিমেন্ট, যার মূল্য ৭ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি দাবিকৃত চাঁদার টাকা না দিয়ে পুনরায় জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে খুন-জখমসহ বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই নারী।
এ ঘটনায় মাকছুদা হোসেন অভিযুক্ত আলামিন, সাকিব, সুমন, ফকরুদ্দিন, রনি, ইসরাফিল, সুমন মিয়া, শফিকুল ইসলাম ও মোক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।