নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) সোনারগাঁয়ের নয়াপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের তথ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে শতভাগ পাসের পাশাপাশি ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন জিপিএ-৫ অর্জন করে। এছাড়া ২০২৬ সালে ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন জিপিএ-৫ লাভ করে। এর আগে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১১টি ট্যালেন্টপুলসহ মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আকলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কায়সার ভূঁইয়া, সহ-সভাপতি সলিমুল্লাহ মিয়া এবং ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।