পলাশ শিকদার, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সানমান্দী ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত ‘Mass Campaign to Combat Human Trafficking and People Smuggling’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় সানমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন সৈকত বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম মেনে বিদেশ যাওয়া, সঠিক তথ্য জানা এবং সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। মানব পাচার প্রতিরোধে সরকার বিভিন্নভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের পাশে থাকাই ইউনিয়ন পরিষদের দায়িত্ব।
তিনি আরও বলেন, মানব পাচার ও অনিরাপদ অভিবাসন প্রতিরোধে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা থাকবে। এ সময় তিনি নিজের কার্যালয়ে মানব পাচার ও দালালচক্রের বিরুদ্ধে সচেতনতামূলক কবিতার পোস্টার প্রদর্শন করেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোবারক হুসাইন বলেন, বিদেশগামীদের সরকারি নিয়ম ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ যাওয়া প্রয়োজন। পাশাপাশি বিদেশে কোনো অভিবাসীর মৃত্যু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারি নিয়ম ও প্রাপ্য সুযোগ-সুবিধা সম্পর্কেও সাধারণ মানুষের ধারণা থাকা জরুরি।
সানমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ ও দক্ষতা অর্জন করা প্রয়োজন। শুধু অভিবাসীর সংখ্যা বাড়ানো নয়, প্রবাসী আয় ও দেশের অর্থনৈতিক অবদান বাড়াতেও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে হবে।
কর্মশালায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ধরন, সংশ্লিষ্ট ঝুঁকি, নিরাপদ অভিবাসনের গুরুত্ব, বৈধ অভিবাসন প্রক্রিয়া এবং বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাইয়ের বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দালালচক্রের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন থেকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য জানার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ফর সেফ মাইগ্রেশন, নারায়ণগঞ্জের আউটরিচ অফিসার ফাতিমা সাদিয়া খান। তিনি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচার প্রতিরোধে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।