নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (১৯ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন— সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী মো. শরিফ হোসেন মহিন, সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য আজাদ হোসেন ওরফে বাবু, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. মিলন হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মিনহাজুল রহমান রায়হান, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ ও সাধারণ সম্পাদক শহীদুল রহমান শাহিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন কনক, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য নজরুল ইসলাম, আওয়ামী লীগের ডোনার বাবুল মিয়া, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রব মিয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস কে সজিব ওরফে ছোটবিডি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল, ছাত্রলীগ নেতা মো. হৃদয়, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ল্যাংড়া আবুল ভান্ডার, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য আক্তার, ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. নাহিদ ও নাজমুল মিয়া এবং যুবলীগের সক্রিয় সদস্য আ. রব মিয়া।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।