নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পরিচালিত পুলিশের এক বিশেষ সাঁড়াশি অভিযানে শিশু ধর্ষণকারী, ডাকাত, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর দিকনির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।
অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, শিশু ধর্ষণ মামলায় ২ জন, ডাকাতি মামলায় ৩ জন, নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং ৮ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বৈদ্যের বাজার ইউনিয়নের সক্রিয় সদস্য মাসুদ (৩০)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাদিপুর ইউনিয়নের সাবেক সদস্য মোঃ হাবিবুর রহমান ওরফে হবি (৬০) এবং সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কামাল (৪৭)।
এছাড়া শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোঃ ইলিয়াস (৩৮) ও মোঃ নুরুল হক (৪২)-কে। ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছেন স্বপন (৩০), মোঃ জামান মিয়া (২২) ও সাজ্জাদুর রহমান অনিক (৩৩)।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন মোঃ শাহিন খান, মোর্শেদা ও কারিমন বেগম (৫৪)। মাদক সেবনের দায়ে আটক হয়েছেন মোঃ রিয়াজ (১৯), শ্রী রাম বাবু (২৬), মোঃ নাজমুল ভূইয়া (৩০), মোঃ মামুন ওরফে রশিদ (২৬), রাজা শিকদার (৩৬), মোঃ হালিম (৩৫), মোঃ আরিফ হোসেন (২৬) এবং মোঃ সুজন খন্দকার।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।