নিজস্ব প্রতিবেদক : সমাজের অসচ্ছল, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সমমনা প্ল্যাটফর্মকে আগামী পাঁচ বছরে মোট ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে হাজী আলমগীর ফাউন্ডেশন। প্রতিবছর ৫ লাখ টাকা করে ‘সমমনা প্ল্যাটফর্ম শিক্ষা সহায়তা তহবিল’-এ এ অর্থ প্রদান করা হবে।
এ উপলক্ষে গত ৬ নভেম্বর ২০২৬ রাজধানীর পুরানা পল্টনের বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে সমমনা প্ল্যাটফর্ম ও হাজী আলমগীর ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে হাজী আলমগীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন প্রথম বছরের নির্ধারিত ৫ লাখ টাকার অনুদানের চেক সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদ, আহ্বায়ক কমিটি ও জ্যেষ্ঠ সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন মাঝপথে থেমে না যায়, তা নিশ্চিত করা। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হয়েছে।
সমমনা প্ল্যাটফর্ম সূত্রে জানা যায়, তহবিলের অর্থ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ ক্রয়, ভর্তি ও পরীক্ষার ফি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ব্যয়ে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রকৃত সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের চিহ্নিত করতে তাদের পারিবারিক আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মেধা, পড়াশোনার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নেওয়া হবে।
এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের খুঁজে বের করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সহায়তার জন্য উপযুক্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে। এককালীন সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় আগামী ২০২৭ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই অনুষ্ঠানে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মধ্য দিয়ে শিক্ষা সহায়তা তহবিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সমমনা প্ল্যাটফর্ম মনে করে, পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা হারিয়ে যাওয়া উচিত নয়। সময়মতো সামান্য সহযোগিতাও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিশ্বাস থেকেই দীর্ঘমেয়াদি শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা শেখ মো. বিল্লাল হোসেন, তানজিনা ইসমাইল মায়া, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম ও অধ্যাপিকা ড. শায়লা নাসরিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুল আলম পনির, সদস্য সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মো. কামরুজ্জামান, অধ্যাপক মশিউর রহমান, মোহাম্মদ সোলায়মান ও পীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
সমমনা প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল করিম, মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, মো. সিদ্দিকুজ্জামান ও মাহবুব আলম আলমগীর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা জজ আনিসুর রহমান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, হাজী আলমগীর ফাউন্ডেশন ও সমমনা প্ল্যাটফর্মের এই যৌথ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।