নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ সন্ত্রাসী, ডাকাত, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬), পিতা-মোঃ আমির হোসেন, গ্রাম-মঙ্গলকান্দি রায়পুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা (বর্তমান ঠিকানা: ৭৬/সেগুনবাগিচা, রমনা, ঢাকা)।
সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে ০৩ জনকে। তারা হলেন— সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আশরাফুল ইসলাম অনিক (২৩), পিতা-মোঃ শাহ পরান, গ্রাম-ঝাউচর; নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নিবির ভুইয়া (২৬), পিতা-মনির ভূইয়া, গ্রাম-কাহেনা; এবং মোঃ আক্তার হোসেন (৩৮), পিতা-মোক্তার হোসেন, গ্রাম-গোপেরবাগ, সনমান্দি।
ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছে ০১ জনকে। তিনি হলেন— পিরোজপুর উত্তর পাড়ার আক্তার হোসেনের ছেলে ইলিয়াস বাবু (২৫)।
এছাড়া মাদক গ্রহণের দায়ে ০৬ জনকে আটক করা হয়। তারা হলেন— কাঁচপুরের মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ রাসেল (১৮), নুর নবী সবুজের ছেলে মোঃ সুজন (২৪), মোস্তাফা মিয়ার ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৫০); মৌচাক এলাকার ভাড়াটিয়া রাজন সাহা (৪৭) ও মোস্তাফিজুর রহমান মিঠু (৩২); এবং সোনাপুরের ভাড়াটিয়া মোঃ রিপন মিয়া (৩৫)।
অপরদিকে আদালতের বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— বাগেরপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সাজনুর রহমান ইমন (৩৬), কাঁচপুর সেনপাড়ার মৃত মুজিবুরের ছেলে সাজনুর ওরফে ডাকাত সাজনুর (৩১) এবং বারদী সেনপাড়ার শরীফ মিয়ার ছেলে মোঃ নকিব (৩৫)।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।