নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে রবিবার (১ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১১ জন মাদকসেবী, ৬ জন ডাকাত এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার জাকির (৪৭) ও তবারক মিয়া (৩৯), কাদিরগঞ্জের আরিফ (২৩) ও নাদিম হোসেন (২৬), কাঁচপুর এলাকার মোঃ তারেক (২৬), মোঃ রাশেদ (২১) ও কদমতলীর মোঃ সাকির মিয়া (২৫)। এ ছাড়া কাঁচপুর এলাকায় ভাসমান হিসেবে বসবাসরত নওগাঁর মোঃ রিফাত (২৪), শনির আখড়া এলাকার আলীন্দর ইসলাম (২৪), সিদ্ধিরগঞ্জের ভাড়াটিয়া ভোলার সুমন মুন্সি (৩২) ও কাঁচপুরের ভাড়াটিয়া দিনাজপুরের জাহিদুল (২৭)।
ডাকাত দলের গ্রেফতারকৃত সদস্যরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার ওমর ফারুক (২০), নরসিংদীর বাছির (২৫), গাজীপুরের রাশেদুল (২৮), টাঙ্গাইলের অনিল বাবু (৩৫), শরীয়তপুরের রাদেশুল ওরফে রাজু ওরফে রেজা (৩০) এবং কুমিল্লার আবু সাঈদ (৪০)।
এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেফতার হওয়া আসামি হলেন কাঁচপুর পূর্ব বেহাকৈর এলাকার ইউনুস মিয়া (৪০)।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।