নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘কাশ্মীর গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। সব মিলিয়ে লুট হওয়া অর্থ ও মালামালের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করে ফেলে ডাকাতরা। পরে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, ডাকাত দলটি প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীক বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”