নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো পলিথিনের তিনটি প্যাকেট থেকে মোট ৯ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর একটিতে ৪ কেজি, অন্যটিতে ৩ কেজি এবং তৃতীয় প্যাকেটে ২ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।